স্মৃতিরাশ...🌻🍂

 


স্মৃতিরাশ...🌻🍂


তোমার দেওয়া ফুলগুলো সব ফিরিয়ে দিয়েছিলাম, তবে তোমার অজানতেই আগলে রেখেছিলাম বাগবাজার ঘাটে দেওয়া সূর্যমুখীটা। সযত্নে রাখা ঘরের এক কোণে, যেখানে মন চাইলেও সঙ্গে সঙ্গে ছুঁয়ে দেখতে পারব না, সেখানেই রাখা আছে বিষণ্নতায় মোড়া পচা ফুলটা। আচ্ছা, আমাদের যা ছিল, বা যতটুকু ছিল, সবটাই কি পচে গেছে এই ফুলগুলোর মতো?


গঙ্গার ঘাট আর ডাকেনা আমায়, মনখারাপ সারিয়ে দেয় না আর... চায়ের ভার হাতে, নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে না সেই দুটো চোখ। কয়েক মাস কেটে গেছে, তোমার-আমার প্রিয় গানটা শোনা হয়নি, বা বলতে পারো, শুনতে পারিনি। সুর, তাল, শব্দ এতটাই প্রবল ভাবে মুখস্থ রয়ে গেছে, যে তোমায় নিয়ে মুহূর্তগুলো ভুলে যাওয়া অতি দুষ্কর!


বৃষ্টি নামলে ভেজা হয় না আর, তপ্ত জ্বরের রাত্রে মাথা ধুয়ে ঘুম পারায় না কেউ আর। অফিস শেষে দুটো সেদ্ধ ভাত বেড়ে, আমার অপেক্ষায় টেবিলের ওপর ঘুমিয়ে পড়তে দেখিনি কাউকে আর। অনেকদিন হলো, তুমি নেই, আমরা নেই, তবুও তুমি আছো। আমার এই ঘরের কোনো এক আবছা আলোয় রয়ে গেছো তুমি—তোমার স্বভাব, তোমার ভালোবাসা।


তবে ফিরো না আর, প্রিয়। 

তোমায় ফিরে পাওয়ার আশা আমি ভুলছি, ভুলতে শিখছি।

এবার না হয় কিছু শূন্যতা, শূন্যতাই থাকুক;

যেখানে শব্দ নয়, বোবাকান্নার ভারেই বাজে নিঃশব্দ এক গুঞ্জন।।


@_arushmita_

Comments

Popular posts from this blog

I talk like I belong there...🍂🥀

Clutter...🍂🥀

The last meeting...🍂🍁