অব্যক্ত... 🍂
অব্যক্ত...
পিঠ দেওয়ালে ঠেকে গেলে, চেয়ে থাকি বারান্দা দিয়ে উল্টো দিকের জানলার পানে। যদি... যদি একবার শেষবারের মতো দেখতে পেতাম তাকে। তার মায়াবী সেই কাজল মাখা চোখ... মখমলে মোড়া সেই দুটি হাত... নীরব সেই ঠোঁট... হাওয়ায় মাতোয়ারা তার অগোছালো চুল... আরেকবার যদি দেখতে পেতাম!
ল্যাম্পপোস্টের আলো পিয়ন হয়ে এপার-ওপার করত আমাদের পাঁজরে জমা কথোপকথন। তার ওই চার-ছয় মাপের ছোট্ট জানলা হয়ে উঠেছিল আমার ভালো থাকার একমাত্র তাগিদ। প্রতি ভোরে বন্ধ জানলা ভয় দেখাত—তাকে হারানোর। সে আমার না হয়েও, তাকে হারানোর ভয় রোজ কুরে কুরে খেয়েছে আমাকে! তবে আজ সে আর নেই। সন্ধ্যে হলে আর জ্বলে না ল্যাম্পপোস্ট। আর কেউ গামছা বাঁধা চুলে খোলে না ওই মরচে পড়া জানলা।
যেদিন বিচ্ছিন্ন হয়ে ভেজা চোখে বারান্দায় বসে ছিলাম, তুমি দেখেছিলে আমায় মুখ বাড়িয়ে। অপ্রস্তুত হয়ে মুছে ফেলতে চেয়েছিলাম নিজের হেরে যাওয়ার প্রমাণ; কিন্তু তোমার নীরব চাহনি বলেছিল, তুমি আছো, আমি যতবারই হেরে যাই না কেন, তুমি থাকবে... সত্যিই কি তাই বলেছিলে? নাকি কেবলই আমার আরেক ব্যর্থতা তোমাকে বোঝার?
আজ একবার দেখো—এই নকশা করা বারান্দা এবং আমি দুজনেই আবারও ব্যর্থ... আসবে না তুমি? নাকি তুমিও দিন শেষে আমার আরেক ব্যর্থতা?
@_arushmita_
Comments
Post a Comment