ঠিকানাহীন এক চিঠি...
ঠিকানাহীন এক চিঠি...
প্রিয় ছোটবেলা,
আজ একই শহরে থেকেও দেখা হয়না আর। মন কষকষি, ভালো বাসা বাসি, রোজকার আরি ভাব, করা হয়না আর। ভর দুপুরে কুলের আচার খেতে খেতে বাড়ির পেছনের পুকুর পাড়ে তোর দেখা পাইনা কেনো? কোথাও কি হারিয়ে গেছিস? নাকি আমার থেকে অনেক দূরে কথাও লুকিয়ে আছিস? লুকিয়ে লুকিয়ে কি রোজ আমার খবর রাখিস? কেমন আছি, কি করছি... বা তোকে নিয়ে কতো গুলো কবিতা লিখছি, তার কি খোঁজ রাখিস?
আজ ভীষণ মেঘ করেছে, মাঝে মধ্যে বাজও পড়ছে। বৃষ্টি এই শুরু হলো বলে। এই দম বন্ধ করা বাড়ি থেকে এক ছুটে বেরিয়ে গিয়ে আজ ভিজতে মন চাইছে ভীষণ! কিন্তু কেনো জানি পায়ের কাছে একটা বিরাট শিকল বাঁধা... আষ্টে পৃষ্ঠে শুধু পা দুটোই নয়, আমার মন টাকেও যে মেরে ফেলছে ধীরে ধীরে! তবে যদি তুই থাকতিস, হাত পা ছেড়ে, আকাশ ভাঙা বৃষ্টিতে ভীষণ নাচটাম। যতক্ষণ না নেচে নেচে, পা ব্যথা হয়ে কাদা মাটিতে মুখ থুবড়ে পড়তাম, ততক্ষন নাচতাম। ভেজা মুখে লেগে থাকতো এক উন্মাদনার হাসি! দৌড় লাগাতাম সীমানার ওই পাড়ে, যেখানে কেউ যায়না...
কোনও এক সময় চেয়েছিলাম এই নিজের বাড়ী, গাড়ি, মতামত, আরো কত কি! তোকে হারাতে হবে এটা জানা থাকলে, চাওয়া পাওয়া টা একটু কমিয়ে দিতাম... জানি ভীষন অভিমান করেছিস আমার ওপর, তবুও কোনোদিন মন খারাপের রাতে যদি আমার কথা মনে পরে, ফিরে আসিস সেদিন... দুজন মিলে রাতের বেলা জোনাকি পোকা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো... ভোর হতে না হতেই, আর আমার ঘুম ভাঙ্গার আগেই, আবার না হয় পালিয়ে যাস। অন্তত একটি বার ফিরে আসিস, অপেক্ষায় আছি...
ইতি,
তোর অপেক্ষায় দিন গোনা, এক চাতক পাখি...
@_arushmita_

Comments
Post a Comment